পদ্মানদীর চ্যানেলে দুই স্পীডবোটের মুখোমুখী সংঘর্ষ

শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে পদ্মানদীর চ্যানেলে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুরের শিবচর উপজেলার একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, এ দুর্ঘটনায় গুরুতর হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তারা আরও জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শিমুলিয়া থেকে শরিয়তপুরের মাঝিকান্দি যাচ্ছিল একটি স্পিডবোট। তখন কাঁঠালবাড়ী থেকে শিমুলিয়াগামী অপর একটি স্পিডবোটের সঙ্গে পদ্মাসেতু চ্যানেলমুখে সংঘর্ষ হয়। এ সময় একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চরের সঙ্গে ধাক্কা লাগে বলে জানা গেছে।

কাঁঠালবাড়ী নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, চ্যানেলমুখে দুটি স্পিডবোটের হালকা সংঘর্ষ হয়। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বোট ডুবেও যায় নি। যাত্রীদের মধ্যে কয়েকজন সামান্য আহত হয়েছেন।

কাঁঠালবাড়ী ঘাটের একটি সূত্র জানিয়েছে স্পিডবোট দুটিতে ১৫-২০ জন করে যাত্রী ছিল। চ্যানেল মুখে গতি কম থাকায় মারাত্মক দুর্ঘটনা থেকে রেহাই পেয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর