করোনার কারণে পিছিয়ে গেছে চলতি বছরের এইচএসসি পরীক্ষা। এ পরীক্ষা আগামী ১৫ নভেম্বরের মধ্যে আয়োজনের চিন্তাভাবনা করছে সরকার। নম্বর কমিয়ে সব বিষয়েই পরীক্ষা নেয়ার পরিকল্পনা তৈরি করা হচ্ছে। এছাড়াও প্রতিদিন একটি বিষয়ের পরীক্ষা নেয়া হবে। তবে এ বিষয়ে আগামী মঙ্গলবারের মধ্যে বোর্ডগুলোকে সুনির্দিষ্ট নির্দেশনা দেবে শিক্ষা মন্ত্রণালয়।
এ বিষয়ে মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তারা জানান, এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনে প্রস্তুতি নেয়া হচ্ছে। যেখানে দুটি বিষয়ে আমরা প্রস্তাব দিয়েছি। প্রতি বিষয়ে অর্ধেক নম্বর কমানোর প্রস্তাব আছে। সেক্ষেত্রে যেসব বিষয়ে ব্যবহারিক নেই সেগুলোতে বহুনির্বাচনী ও সৃজনশীল উভয় অংশের পূর্ণমাণ থেকে ৫০ শতাংশ করে কমানোর পরিকল্পনা রয়েছে। আর যেগুলোতে ব্যবহারিক আছে সেগুলোতে ব্যবহারিক নম্বর ঠিক রেখে অবশিষ্ট অংশের (এমসিকিউ ও সৃজনশীল) নম্বর সমন্বয় করে পূর্ণ নম্বর ৫০ শতাংশ কমানো হবে।
জানা গেছে, এখন পর্যন্ত পরীক্ষার খসড়া রুটিন তৈরি করা হয়নি। মন্ত্রণালয় থেকে আগে পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে, তারপর পরীক্ষার সময়সূচি তৈরি করা হবে। তবে গত ২৪ সেপ্টেম্বর বোর্ড চেয়ারম্যানদের বৈঠকে ১৫ নভেম্বরের মধ্যে পরীক্ষা শুরুর ব্যাপারে মতামত দেয়া হয়।
কেএস/বার্তাবাজার