সহপাঠীদের নিয়ে মাঠে খেলা করতে গিয়ে আর বাড়ী ফেরা হলো না ১২ বছল বয়সী পাবেল মিয়া নামে এক শিক্ষার্থীর।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বজ্রপাতে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে পড়ুয়া ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। এসময় আহত আরো তিন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরের পর ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের গাজীর মাঠে খেলা করতে যায় ৮/১০জন শিশু-কিশোর। খেলায় মগ্ন থাকাবস্থায় বজ্রপাতে পাবেল মিয়া ঘটনাস্থলেই নিহত হয়। এসময় একই গ্রামের দুই সহোদর স্থানীয় ডা. সাইদুল ইসলামের ছেলে মাগুরজোড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র শাহীন মিয়া (১১), ২য় শ্রেণীর ছাত্র মাহিম (৮) ও তফাজ্জল হোসেনের ছেলে স্থানীয় হাফিজিয়া মাদ্রসার ছাত্র হৃদয় মিয়া আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি.আই.ও) আলমগীর হোসেন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে সরকারিভাবে দাফন-কাফনের ব্যবস্থা করেছি।
বার্তা বাজার / ডি.এস