লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় চাঁদা না দিয়ে নদী থেকে পাথর উত্তোলন করার জন্য এক পাথর শ্রমিককে রড দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
জানা যায়, পাথর উত্তোলনের জন্য পাথর শ্রমিক মজনু হোসেন (২৮) এর কাছে ৫০ টাকা চাঁদা দাবি করা হয়েছিলো। যা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে তাকে রড দিয়ে আঘাত করেন একই এলাকার সাহাজ উদ্দিন সাদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত পাথর শ্রমিক মজনু হোসেন(২৮) উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ধবলসুতি মাঝিপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে এবং সাহাজ উদ্দিন সাদ্দিন একই এলাকার মৃত জমির উদ্দিন এর ছেলে।
পুলিশ জানায়, ধরলা নদী থেকে নুড়ি পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে আসছে পাথর শ্রমিক মজনু। পাথর উত্তোলনের সময় প্রতিদিন একই এলাকার সাহাজ উদ্দিন সাদ্দিনকে নৌকা প্রতি ৫০ টাকা করে চাঁদা দিতে হতো। আজ সকালে মজনু চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সাহাজ উদ্দিন সাদ্দিন ক্ষিপ্ত হয়ে লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই পানিতে লুটিয়ে পড়েন মজনু।কয়েকজন প্রতিবেশী তাকে বাঁচাতে এগিয়ে আসলে তাদের লাঞ্ছিত করেন সাহাজ উদ্দিন ও তার স্ত্রী রহিমা (৫৫)।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মোহন্ত ঘটনার সত্যতা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান এই ঘটনায় খুনি সাহাজ উদ্দিন সাদ্দিন ও তার স্ত্রী রহিমা বেগমকে আটক করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস