ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ইউপি সদস্যকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ইউপি সদস্যের নাম তারিকুজ্জামান সবুজ। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বেলজানি গ্রামের বাসিন্দা এবং ময়না ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য।
জানা গেছে, আহত তারিকুজ্জামান গভীর নলকূপের মাধ্যমে গ্রামের বিভিন্ন কৃষকের ফসলের ক্ষেতে পানি সেচ দেওয়ার ব্যবসার সঙ্গে জড়িত। গভীর নলকূপের সেচের পানির পাওনা টাকা নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা হয় স্থানীয় কয়েকজনের। এক পর্যায়ে স্থানীয় লায়েব মেম্বার ও আলাউদ্দিন মাতব্বরের নেতৃত্বে মুন্নাফ, শাওন, কালাম, রেজা হাদি, শিহাব প্রামাণিক, মামুন গ্রামের আকরাম মাস্টারের বাড়ির পাশের গভীর নলকূপের পাশে ওই ইউপি সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে স্থানীয়রা মারাত্মক আহত সবুজকে উদ্ধার করে বোয়ালমারী স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।
বোয়ালমারীর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তরিকুল ইসলাম জানান, আহত ব্যক্তির শরীরে বিভিন্ন স্থানে কোপের চিহ্ন রয়েছে।
বোয়ালমারী থানার এসআই সাইফুদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এলাকার আধিপত্য বিস্তার ও ধান ক্ষেতের পানি সেচের টাকা চাওয়াকে কেন্দ্র করে হামলা ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বার্তা বাজার / ডি.এস