চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যহাতির আক্রমণে জাগির আহমেদ নামে এক কৃষক নিহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার) সকালে উপজেলার মধ্যম মার্দাশা গোদারছড়িমুখ নামক পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাগির আহমদ একই এলাকার মৃত রহিম বক্সের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সকালে ঘটনাস্থলে গরু চড়াতে নিয়ে যান কৃষক জাগির আহমদ। এ সময় তিনি গরু ছেড়ে দিয়ে পাহাড়ি এলাকায় লাকড়ি সংগ্রহ করছিলেন। হঠাৎ ৭-৮টি বন্যহাতির একটি পাল সেখানে এলে ক্ষিপ্ত একটি বন্যহাতি জাগিরকে ধাওয়া করে। পরে একটি হাতি তাকে প্রথমে শুঁড় দিয়ে আঘাত করার প পা দিয়ে পিষ্টে দেয়। যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা নিহতের লাশ উদ্ধার করে নিয়ে আসেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুস সালাম চৌধুরী জানান, হাতির আক্রমণে নিহত কৃষকের পরিবারকে চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা প্রদান করা হয়েছে। আগামীতে আরও সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তাবাজার/এসজে