নীলা হত্যা: প্রধান আসামির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

সাভারে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় নীলা রায় নামের এক স্কুল ছাত্রীকে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৬ সেপ্টেম্বর আদালত ঘাতক মিজানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের পঞ্চমদিনে বৃহস্পতিবার (১ অক্টোবর) মিজান স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি মামলার তদন্ত কর্মকর্তা সাভার থানার উপপরিদর্শক (এসআই) নির্মল চন্দ্র ঘোষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার জবানবন্দি রেকর্ড করেন। তারপর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে মিজানকে রাজফুলবাড়িয়া কর্নেল ব্রিকস ফিল্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। রিমান্ড শেষে মিজানুরের বাবা আব্দুর রহমান, মা নাজমুন নাহার সিদ্দিকা ও তার সহযোগি সেলিম পহলানকারাগারে রয়েছে।

গত ২০ সেপ্টেম্বর রাতে নীলা রায় ও তার ভাই অলক রায় হাসপাতাল থেকে ফেরার পথে মিজান তাদের পথরোধ করে ছিনিয়ে নেয় নীলাকে। পরে নীলাকে ছুরিকাঘাত করে মিজান পালিয়ে যায়। সাথে সাথে সাভার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নীলাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নীলার বাবা বাদী হয়ে গত ২১ সেপ্টেম্বর মিজানুর রহমানকে প্রধান আসামি করে তার বাবা আব্দুর রহমান ও মা নাজমুন নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর