বিভিন্ন অপপ্রচারের জবাব দিলেন আশুলিয়ার ইউপি চেয়ারম্যান

ঢাকার সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় বিভিন্ন অপপ্রচারের বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন তিনি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিজ কক্ষে এই মতবিনিময় সম্পন্ন হয়।

‘সম্প্রতি আপনার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এসেছে, এগুলোর কতটুকু সত্যতা?’- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে বেশ কিছুদিন ধরে বিভিন্ন মিথ্যা ও নানা অপপ্রচার চালিয়ে আসছে। এগুলো সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।

তিনি জানান, শাওন নামের এক ব্যক্তি এবং রাজু আহমেদ নামের এক ব্যক্তি যিনি একবার নিজেকে শ্রমিক লীগ, কখনো আওয়ামী লীগ, কৃষক লীগ, আবার কখনো যুবলীগের বলে দাবী করেন, আসলে এরা মূলত জামাতশিবিরের লোক।এরা এলাকার আরও কিছু কুচক্রী মহলের সাথে মিলে আমার বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ সহ কোর্টে গিয়ে আমাকে হয়রানির চেষ্টা করছে।

বিচার চাইতে গিয়ে এক নারী তার দ্বারা ধর্ষিতা হয়েছেন এই ব্যাপারে চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, এটা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ওই মেয়ের অভিযোগের পরে বিষয়টা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের কাছে তদন্তের জন্য যায়। সেখানে অভিযোগকারিনী নিজেই বলেছেন নিছক রাগের বশে এবং অন্যের দ্বারা প্ররোচিত হয়েই সে আমার নামে মিথ্যা ধর্ষণের অভিযোগ এনেছে এবং শেষে ক্ষমা প্রার্থনাও করেছে।

রাজু আহমেদ কোর্টে যে পিটিশন মামলা করেছেন সে ব্যাপারে চেয়ারম্যান শাহাব উদ্দিন বলেন, এই রাজু আহমেদ হলেন সেই ব্যাক্তি যে আমাদের মাননীয় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমানকে নিয়ে অশ্লীল ভাষায় বিভিন্ন কটুক্তি করে, পাশাপাশি সে আমার বিরুদ্ধেও বিভিন্ন মনগড়া মিথ্যা অপপ্রচার বিভিন্নজনের কাছে চালিয়েছিলো।

এজন্য আমি আগে তার বিরুদ্ধে সাইবার ক্রাইম ট্রাইবুনালে মামলা করি। পরে সে পলাতক থেকে পরে জামিনে এসে আমি সহ আরো চারজন সাংবাদিকের নামে চাঁদাবাজির মামলা করে কোর্টে যা থানায় তদন্তের জন্য রয়েছে।

চাঁদাবাজির অভিযোগের বিষয়ে এসময় তিনি সাংবাদিকদের প্রশ্ন করেন, আপনারাই বলেন, আমি যদি চাঁদাবাজি কিংবা অন্য কোনো অপরাধ করতে যাই, তাহলে কি আমি সাথে চারজন সাংবাদিক
নিয়ে যাবো?

চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, আমি বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনীর উপর ছেড়ে দিয়েছি, বিষয়টা তারা দেখছেন এবং তাদের প্রতি আমার আস্থা আছে যে আসল সত্যটা তারা বের করে আনবেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর