আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছে: আইনমন্ত্রী

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার রায় নিঃসন্দেহে আইনের শাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) আলোচিত রিফাত হত্যাকাণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় আনিসুল হক এমন মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, ‘আমার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দায়িত্ব দিয়েছেন তা এসব চাঞ্চল্যকর মামলার নিষ্পত্তির মধ্য দিয়ে যথাযথভাবে পালন করার চেষ্টা করছি। বিশেষ করে প্রসিকিউশন টিম এসব মামলার ব্যাপারে সিরিয়াস ভূমিকা রাখছে, যা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং আমি শুকরিয়া আদায় করি।’

‘আলোচিত অনেক মামলার নিষ্পত্তিতে ধীরগতি লক্ষণীয়’- এমন প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘অপরাধ করলে মামলা হয়নি বা মামলা হলেও নিষ্পত্তি হয়নি বিএনপি-জামায়াতের আমলে। কিন্তু শেখ হাসিনার সরকার সেই নীতি ভেঙে দিয়েছে। যেসব মামলা সমাজকে নাড়া দিয়েছে তার নিষ্পত্তি দিয়ে সরকার বিশেষ গুরুত্ব দিয়েছে। এ গুরুত্বের কারণেই মানুষ রায় পাচ্ছে এবং সবাই আইনি সুবিধা ভোগ করতে পারছে।’

রিফাত হত্যা মামলার রায় প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘আদালত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে রায় দিয়েছে। এখানে আমার প্রতিক্রিয়া জানানোর কিছু নেই। রায়ের কপি না পড়লে কিছুই বলা ঠিক হবে না। রায়ের সার্বিক পর্যালোচনা থেকে বলতে পারি, নিশ্চয় বিচার বিভাগে এর ইতিবাচক প্রভাব পড়বে। একটি মামলা নিষ্পত্তির জন্য যেসব পক্ষ সংশ্লিষ্ট তারা সবাই রায় থেকে গতি সঞ্চার করতে পারবে।’

রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিসহ ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ৪ জনকে খালাস প্রদান করা হয়েছে। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

আজ বুধবার দুপুর পৌনে ২টার দিকে এ মামলার রায় ঘোষণা করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর