ধর্ষকদের সারা দেশের মানুষ ঘৃণা করে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটের এমসি কলেজে যে বর্বরোচিত ঘটনা ঘটেছে, আমরা তা ঘৃণা করি। তাদেরকে সারা দেশের মানুষ ঘৃণা করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা জানান। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
তিনি বলেন, সিলেটের এমসি কলেজে গৃহবধূকে গণধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আমরা নিশ্চয়ই বিশ্বাস করি, যে ছয়জনকে ধরা হয়েছে, তদন্তের মাধ্যমে যদি তারা দোষী প্রমাণিত হয়, বিচার বিভাগ তাদের ধর্ষণের জন্য অবশ্যই সর্বোচ্চ শাস্তি দেবে। কাউকে ছাড় দেওয়া হবে না।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন সুফি সুলতান আহমেদ।
বার্তাবাজার/এসজে