নকল মাস্ক সরবরাহ: ৫ দিনের রিমান্ডে জেএমআই’র চেয়ারম্যান
নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে দুদকের করা মামলায় জেএমআই’র চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে দুদক। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক নুরুল হুদা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি দল তাকে গ্রেফতার করে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুদক পরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে একটি টিম তাকে গ্রেফতার করেছে’।
এর আগে, কেন্দ্রীয় ওষুধাগারের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে ২০ হাজার নকল এন-৯৫ মাস্ক আসল দেখিয়ে ১০টি হাসপাতালে সরবরাহ করার অভিযোগে আব্দুর রাজ্জাক, সিএমএসডির সাবেক উপপরিচালক ও কক্সবাজার মেডিক্যালের তত্ত্বাবধায়ক জাকির হোসেন খানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা করে দুদুক।
গত ১০ জুন থেকে দুদক কোভিড-১৯ এর চিকিৎসায় নিম্নমানের মাস্ক, পিপিই ও অন্যান্য স্বাস্থ্য সরঞ্জামাদি ক্রয়সহ বিভিন্ন হাসপাতালে সরবরাহের নামে কোটি কোটি টাকা আত্মসাত ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ কেন্দ্রীয় ওষুধাগারের (সিএমএসডি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে।
বার্তাবাজার/অমি