বুদ্ধি প্রতিবন্ধীকে ধর্ষণ: ৬ জনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

খাগড়াছড়িতে একটি বাড়িতে গত বুধবার রাতে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৭ আসামির মধ্যে ৬ জন।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত পৃথক তিনটি আদালত আসামিদের ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে জেলহাজতে পাঠান।

খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ রশিদ বলেন, ‘খাগড়াছড়ির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল আলম ও সাখাওয়াত হোসেন চৌধুরী রিয়াদের আদালতে গ্রেফতার হওয়া ৭ আসামির মধ্যে ৬ জন ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন’।

গ্রেফতারকৃত অপর আসামি ডাকাতি ও গণধর্ষণের মূল পরিকল্পনাকারী মো. আমিন ওরফে নুরুল আমিন জবানবন্দি না দেয়ায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। আদালত ৩০ সেপ্টেম্বর রিমান্ডের শুনানির দিন ধার্য করেছেন।

প্রসঙ্গত, খাগড়াছড়ি জেলা শহরের গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ সংলগ্ন বলপাইয়্যে আদাম এলাকার একটি বাড়িতে গত বুধবার দিবাগত রাতে সাবল দিয়ে দরজা ভেঙে বাড়ির মালিক, তার স্ত্রী ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের হাত-মুখ বেঁধে ফেলে দুর্বৃত্তরা। পরে পাশের রুমে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে তারা। এ সময় তারা বাড়ির আলমারি থেকে তিন ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে বাইরে থেকে ঘর আটকে পালিয়ে যায়।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর