পাবনার ঈশ্বরদীতে বিষাক্ত সাপের কামড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত কলেজ ছাত্রীর নাম সানজিদা সুলতানা রিপা (১৭)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
সে ঈশ্বরদী সরকারী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এবং ইক্ষু গবেষণা কেন্দ্রের কর্মচারী আব্দুস সোবহানের মেয়ে। নিহত কলেজ ছাত্রীর ভাই শাহিন হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাত ২টায় ইক্ষু গবেষণা কেন্দ্রের তাদের আবাসিক কোয়ার্টারে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তার বোন সানজিদা সুলতানা রিপাকে কামড় দেয়। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সাপের বিষের ভ্যাকসিন না থাকায় তাকে রাজশাহীতে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।সেখানে আজ সন্ধ্যায় তার মৃত্যু হয়।
কলেজ ছাত্রী সানজিদা সুলতানা রিপার মৃত্যুতে তার বন্ধু মহল এবং ঈশ্বরদী ইক্ষু গবেষণা কেন্দ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বার্তাবাজার/অমি