খাগড়াছড়ির বলপাইয়া আদাম এলাকায় ডাকাতির সময় বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনায় সন্দেহভাজন সাতজনকে আটক করে পুলিশ। খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
জড়িত অন্য আসামিদের আটকের স্বার্থে এখনই আসামিদের পরিচয় প্রকাশ না করার কথা জানিয়েছে পুলিশ।
খাগড়াছড়ি পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল আজিজ জানান, মামলায় আমাদের সন্তোষজনক অগ্রগতি রয়েছে। আসামিদের গ্রেফতারে একাধিক টিম মাঠে রয়েছে। সবাইকে আইনের আওতায় আনা হবে।
এদিকে গণধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী ওই নারীর মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) আদালতে ওই নারীকে এনে ২২ ধারায় জবানবন্দি নেওয়ার কথা রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলা শহরের বলপাইয়া আদাম এলাকায় ডাকাতদল শাবল দিয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে বাড়ির মালিক, তার স্ত্রী ও বুদ্ধি প্রতিবন্ধী মেয়ের হাত-মুখ বেঁধে ফেলে। পরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে পাশের রুমে নিয়ে ডাকাতরা ধর্ষণ করে।
বার্তাবাজার/এসজে