মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচর ইউনিয়নের চর পানিয়া এলাকায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের বেহাল দশা। ভিটেবাড়িহীন মানুষের সংখ্যা উপজেলায় কম নয়। তাঁদের সবার আশ্রয় নিশ্চিত করা রাষ্ট্রের পক্ষে সম্ভব নয়। তারপরও ভূমিহীনদের মধ্য থেকে সবচেয়ে প্রান্তিক অবস্থায় থাকা কিছু মানুষের জন্য সরকারের কিছু মানবিক উদ্যোগ আছে। সেগুলোর মধ্যে চর পানিয়া এলাকায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্প বিশেষভাবে উল্লেখ করার মতো। প্রকল্পের আওতায় বহু ভূমিহীনকে থাকার ঘরসহ জমি দেওয়া হয়েছে।
কিন্তু সঠিক সময়ে রক্ষণাবেক্ষণের অভাবে চর পানিয়া এলাকায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘর হয়ে পড়েছে মানুষ বসবাসের অনুপযোগী। জরাজীর্ণ ঘর, একটু বৃষ্টি হলেই ভাঙা টিনের চালা ভেদ করে ঘরে হাঁটু পানিসহ নানা সমস্যার মুখে প্রকল্পে বসবাস করছে ৬০ টি পরিবার। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ১০ বছর আগে উপজেলার বালুচর ইউনিয়নের চর পানিয়া আশ্রয়ণ প্রকল্পে হতদরিদ্র ৬০ টি পরিবারকে মাথা গোঁজার ঠাঁই দেওয়া হয়েছিল। সেখানে বিনা পয়সায় ঘর পেয়ে ভালোই ছিলেন তাঁরা। কিন্তু কয়েক বছর যেতেই মরিচা পড়ে ঘরের চাল নষ্ট হয়ে যায়। দরজা-জানালা ভেঙে গেছে। বৃষ্টি হলে ফুটো চাল দিয়ে পড়া পানির যন্ত্রণা, শৌচাগার গোসলখানা নলকূপের অসহ্য কষ্ট সহ্য করতে হয় তাঁদের। সরকার থেকে কোনো সহায়তা দেওয়া হচ্ছে না। অর্থাভাবে নিজেদের পক্ষেও ঘর ঠিক করা সম্ভব হচ্ছে না।
প্রকল্পের ভিতরে মসজিদ থাকলেও তার কোন কার্যক্রম নেই, কমিউনিটি সেন্টার আছে সেটাও বন্ধ। শৌচাগার, গোসলখানা ও নলকূপের অবস্থাও মাত্রাতিরিক্ত খারাপ, নেই কোন সীমানা বাউন্ডারী যার কারণে এই প্রকল্পে বহিরাগত লোকদের আনাগোনা থেকে শুরু করে জুয়া খেলারও অভিযোগ আছে ।আশ্রয়ণে বসবাসরত অর্ধশতাধিক পরিবারের হয়নি ভাগ্যের কোনো উন্নয়ন। অথচ বছর বছর প্রকল্প আসে, প্রকল্প যায়। কিন্তু এদের যেন দেখার কেউ নেই। নেই কারো কোন মাথাব্যথা। আর কোনো সমাধান না পেয়ে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন বালুরচর ইউনিয়নের চর পানিয়া এলাকায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের বসবাসরত আশ্রয়ণবাসী।

এসব অভিযোগের ব্যাপারে সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও স্থানীয় বালুচর ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, চর পানিয়া আশ্রয়ন প্রকল্পের সমস্যার কথা আমি জানি। এসব সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষকে অবগত করেছি ইতোমধ্যে কিছু ঘর সংস্কার করা হয়েছে। বাকি সমস্যার সমাধান সরকারের সহায়তায় দ্রুত হবে।
মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাহী বি চৌধুরী জানান, বালুরচর ইউনিয়নের চর পানিয়া এলাকায় অবস্থিত আশ্রয়ণ প্রকল্পের শোচনীয় অবস্থার ব্যাপারে জানার সাথে সাথে আমি সাত বান টিন দিয়ে ঘরগুলো মেরামত করে দিয়েছি। আগামীতে আস্তে আস্তে বাকি কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করবো।
বার্তা বাজার/ডি.এস