টাইগারদের লঙ্কা সফর নিয়ে তো কম নাটক হয়নি। তবে এবার ইতিবাচক কিছুর আভাস মিলছে। আজ (শনিবার) দুপুরে আকরাম খানের কথায় বোঝাই যাচ্ছে দুই দেশের বোর্ডের মধ্যে ইতিবাচক আলোচনা চলছে। এখন শুধু বাকি লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত। যা পেলেই সফরসূচি চূড়ান্ত করতে বসে যাবে দুই বোর্ড। তবে সফরটি হলেও স্বাভাবিকভাবেই আগের দিনক্ষণ মেনে শ্রীলঙ্কার উদ্দেশ্যে যাত্রা করা হবে না টাইগারদের। অনিবার্যভাবেই অন্তত সপ্তাহদুয়েক হয়তো পিছিয়ে যাবে এই সফর।
আকরাম বলেন, ‘সব অনিশ্চয়তা দূর করে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ জাতীয় দল। সম্ভাবনা অনেক বেড়ে গিয়েছে। আশা করছি আগামী তিন-চারদিনের মধ্যে লঙ্কান বোর্ডের কাছ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। তবে এখনকার খবর হলো সফর হচ্ছে। আমরা শ্রীলঙ্কা খেলতে যাব। সেই লক্ষ্যেই আমাদের কথাবার্তা এগিয়েছে। আশা করছি কয়েকদিনের ভেতরেই সব চূড়ান্ত হয়ে যাবে।’
সবকিছু ঠিক থাকলে আগামী মাসের ৭ থেকে ১০ তারিখে টাইগাররা কলম্বো যাবে- এমনটাই জানিয়েছেন আকরাম খান।
কেএস/বার্তাবাজার