এবার কক্সবাজার জেলা পুলিশ থেকে ১ হাজার ৭৫ জন পুলিশকে একযোগে বদলি করা হয়েছে। এর আগে পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, ৬ জন সহকারী পুলিশ সুপারসহ ২৬৪ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন কনস্টেবলদের বদলির বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সদর দফতরের এক প্রজ্ঞাপনে জেলা পুলিশের এক হাজার ৭৫ জন কনস্টেবলকে বদলি করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অফিস সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর পুলিশ সুপার (এসপি) মাসুদ হোসেনকে প্রথম বদলি করা হয়। পরবর্তী এক আদেশে অতিরিক্ত পুলিশ সুপারসহ ৭ সহকারী পুলিশ সুপারের বদলি করা হয়। বুধবার (২৩ সেপ্টেম্বর) বদলি করা হয় ৩৪ পরিদর্শকসহ ২৬৪ পুলিশ কর্মকর্তাকে। এরপর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক হাজার ৭৫ জন কনস্টেবলকে বদলি করা হয়।
নিয়মতান্ত্রিক প্রক্রিয়াই বদলি হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি মো. আনোয়ার হোসেন। তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চাকরি বদলির। নিয়মতান্ত্রিক পন্থায় সারাদেশেই বদলি হন পুলিশ সদস্যরা। কক্সবাজারে কর্মরতরাও একই প্রক্রিয়ায় বদলির আদেশ পেয়েছেন। যারা চলে যাচ্ছেন তাদের স্থলে অন্য স্থানের দায়িত্বশীলরা বদলি নিয়ে স্থলাভিষিক্ত হচ্ছেন। সব মিলিয়ে পরিচ্ছন্ন সেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনার পর পুলিশের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিতর্ক ওঠে এসপি মাসুদ হোসেনেকে নিয়েও। এরপর জেলা পুলিশকে ঢেলে সাজাতে একযোগে সব সদস্যকে বদলির সিদ্ধান্ত নেয় সদর দফতর।
বার্তা বাজার / ডি.এস