বাগেরহাটের মোরেলগঞ্জে চায়ের দোকানদার আবু হানিফকে (২৫) হত্যার ঘটনায় আজ (শুক্রবার) তার মা আকলিমা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় কোনো আসামীর নাম উল্লেখ না করলেও সন্দেহভাব্জন ৩ জনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি হত্যাকান্ডে ব্যবহৃদ একটি দা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা হল- উপজেলার ভাটখালী গ্রামের তারিকুল সরদার (২০), বাদল শেখ (৩০) ও সাকিব শেখ (১৯)। আজ (শুক্রবার) দুপুরে এদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা যায়, উপজেলার পূর্ব খারইখালী গ্রামের আবু হানিফের বিকাশ একাউন্টে থাকা ১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার জন্য গত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে কয়েকজন বন্ধু ডেকে নিয়ে যায়। সেখানে ফোনটি কেড়ে নিয়ে বিকাশের পিন দেওয়ার জন্য চাপাচাপি করা হয় হানিফকে। পরে পিন কোড না বলায় আবু হানিফকে কুপিয়ে হত্যা করে লাশ খালে ফেলে দিয়ে ফোনটি নিয়ে চলে যায় ঘাতকেরা।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, মোবাইল ফোন থেকে টাকা নিতে ব্যর্থ হয়েই আবু হানিফকে দুর্বৃত্তরা হত্যা করে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। আলামত উদ্ধার হয়েছে। আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে আবু হানিফের মোবাইল ফোনটি এখনো উদ্ধার করা যায়নি।
বার্তাবাজার/এসজে