কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
জেলা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক মইন উদ্দিন জানান, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজার সরকারি কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তির পর অবস্থা আরও খারাপ হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে। তার দুই হাঁটুর নিচে কিরিচের কোপ, লোহার রডের আঘাত ও ডান হাতের কব্জিতে ছুরিকাঘাত করা হয়েছ।
সঙ্গে থাকা ছাত্রলীগ কর্মী আজিজ জানান, প্রতিদিনের মতো সন্ধ্যার পর আড্ডা শেষে শাখাওয়াতসহ তিনজন রাত সোয়া ১০টার দিকে অটোরিকশায় করে বাড়ি যাওয়ার পথে ৭-৮ জনের একটি দল অটোরিকশার গতিরোধ করে শাখাওয়াতকে নামায়। কলেজের পশ্চিমপাশের চান্দেরপাড়া সড়কের একটি দালান ঘরের বারান্দায় একই ধরনের পোশাকে থাকা দুর্বৃত্তরা তাকে রড় দিয়ে পেটানোর পর কিরিচ দিয়ে কোপ দেয়। হাতের কব্জি কাটতে ছুরি চালায়। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হলে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে বীরদর্পে পূর্বদিকে চলে যায় হামলাকারীরা। পরে রক্তাক্ত সাখাওয়াতকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান জানান, শাখাওয়াতের দুই হাঁটু রড ও ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে ডান হাতের কব্জির নিচে কেটে গেছে। বাম হাতের কব্জির জয়েন্ট ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার সদর থানা পুলিশের দায়িত্বপ্রাপ্ত ওসি মো. মাসুম খান জানান, খবরটি জেনেছি। হামলাকারীদের শনাক্ত ও ঘটনার মূল কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
বার্তাবাজার/কে.কে