এবার দীপিকা পাডুকোনকে জিজ্ঞাসাবাদ

কয়েকদিন ধরেই মাদকের সঙ্গে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের নাম শোনা গিয়েছিল। চারিদিকে নানান গুঞ্জন, আর তার মধ্যেই মাদক যোগে আজ এনসিবি’র তদন্তকারীদের মুখোমুখি হচ্ছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। যদিও এ নিয়ে এখনও মুখ খোলেননি দীপিকা। তবে বিষয়টি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এরই মধ্যে গোয়ায় শুটিং পর্ব গুটিয়ে স্বামী রণবীর সিংহের সঙ্গে বিশেষ বিমানে বৃহস্পতিবার রাতেই মুম্বই পৌঁছেছেন দীপিকা। সঙ্গে ছিলেন আইনজীবীরাও। শুধু তাই নয়, প্রভাদেবীতে দীপিকার বাসভবনের বাইরে নিরাপত্তার ব্যবস্থা করেছে মুম্বই পুলিশ।

জানা গেছে, দীপিকার ম্যানেজার করিশ্মা প্রকাশকে আজ তলব করা হয়েছে।

এনসিবি সূত্রের দাবি, করিশ্মা ও জনৈক ‘ডি’-এর হোয়াটসঅ্যাপ বার্তায় মাদক প্রসঙ্গ রয়েছে। এই ‘ডি’-এর খোঁজে রয়েছেন তদন্তকারীরা।

বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, সুশান্তের প্রাক্তন ট্যালেন্ট ম্যানেজার জয়া সাহা জিজ্ঞাসাবাদের মুখে নামী অভিনেত্রীদের মাদক যোগের কথা জানিয়েছেন। রিয়া চক্রবর্তীও অনেকের নাম সামনে এনেছেন। সেই সূত্রেই এসেছে সারা ও রাকুলের নাম। কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশন সংস্থার কর্মী ক্ষিতিজ রবিপ্রসাদকেও আজ ডেকে পাঠিয়েছে এনসিবি।

বলিউডের আর এক অভিনেত্রী রাকুল প্রীত সিংহকেও মাদক যোগের বিষয় নিয়ে আজই জিজ্ঞাসাবাদ করবেন এনসিবি’র গোয়েন্দারা।

এ দিকে, মাদক চক্রের পান্ডা হিসেবে পরিচিত কমলজিৎকে গ্রেফতার করেছে এনসিবি। একটি সংবাদমাধ্যমের দাবি, জেরার মুখে টেলিভিশন জগতের অন্তত ২০ জনের নাম প্রকাশ করেছেন ওই মাদক ব্যবসায়ী।
সূত্র : আনন্দবাজার

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর