আজ ২৫শে সেপ্টেম্বর শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৬৬ তম জন্মদিন। ১৯৫৫ সালের আজকের এই দিনে তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন।
শ্লোগানের কবি নাজমুল হক নজীর সত্তর দশকের বাংলা ভাষার একজন অন্যতম কবি। নাজমুল হক নজীরের কবিতায় উঠে এসেছে রোমান্টিকতা, দ্রোহ চিন্তা, গভীর জীবনবোধ এবং যাপিত জীবনের নানা অনুসঙ্গ। বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণকারী এই কবি তাঁর কবিতায় খোঁদাই করেছেন মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা।
কবির লেখা, আয়নায় আপন অবয়ব, নোনা জলের বাসিন্দা, ভোর হতে আর কতোক্ষণ, প্রেমের দাবীতে বলছি কবিতাগুলো আজও কবিতার পাঠককে আন্দোলিত করে।কবির সবচেয়ে আলোচিত কাব্যগ্রন্থ ‘নোনা জলের বাসিন্দা’।
এছাড়া ‘স্বৈরিণী স্বদেশ’, ‘কালো জোছনার এক চুমুক’, ‘কার কাছে বলে যাই’, ‘ঘুরে দাঁড়াই স্বপ্ন পুরুষ’, ‘স্বপ্ন বাড়ি অবিরাম’, ‘এভাবে অবাধ্য রঙিন’, ‘ভিটেমাটি স্বরগ্রাম’, ‘প্রভৃতি তাঁর কাব্যগ্রন্থ। ‘সাধনার ফসল’, ‘আবার শ্লোগান’, ‘ইষ্টি কুটুম মিষ্টি কুটুম’ কবি’র ছড়ার বই। সম্পাদিত গ্রন্থ, গাজী খোরশেদুজ্জামানের কিশোর কবিতা। ফরিদপুর অঞ্চলের ইতিহাস বিষয়ক গবেষণা গ্রন্থ, ‘আমাদের ফরিদপুর-১ অঞ্চল’।
কবির ৯টি কাব্যগ্রন্থ, ৩টি ছড়া, ১টি ইতিহাস গ্রন্থ, ১টি সম্পাদিত গ্রন্থ, নির্বাচিত কবিতা ও কবিতা সমগ্র প্রকাশিত হয়েছে। সনাতন ধর্মে বিশ্বাসীদের মধ্যে মতুয়া মতবাদে অনুসারীগণের জন্য কবি বেশকিছু গান লিখেছেন।
জীবদ্দশায় কবির শ্রেষ্ঠ সম্মাননা- ভারত থেকে রাহিলা সাহিত্য পুরস্কার। এছাড়া পেয়েছেন কবি শামসুর রাহমান স্মৃতি পুরস্কার, কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার, কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক, শ্রী হরিদর্শন পুরস্কার, আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার, গীতিকার ক্লাব সম্মাননা, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সম্মাননা, মেরিট অব ডিএক্স পুরস্কার, নির্ণয় কবি বাবু ফরিদী স্মৃতি পদক, মির্জা আবুল হোসেন পদক ও পাঠক আন্দোলন বাংলাদেশ সাহিত্য পুরস্কার (মরনোত্তর) প্রভৃতি।
প্রিয় এই কবি ২০১৫ সালের ২৩শে নভেম্বর ঢাকায় প্রয়াত হন। পরদিন কবিকে তার চেনা জনপদ কবির বাসস্থান ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার ঝর্ণাধারায় সমাহিত করা হয়।
বার্তাবাজার/অমি