ঢাকা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ।
গ্রেফতারকৃত দুই আন্ত:জেলা চোর চক্রের সদস্যরা হচ্ছে, সিরাজগঞ্জ জেলার গোটিয়ার চর এলাকার আলমের ছেলে সুমন (২৩) এবং কামারখন্দ উপজেলার চৌদুয়ার এলাকার হাচেন আলী শেখের ছেলে রাজু শেখ (২৪)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এই তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, হঠাৎ করেই নাটোরের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি হতে থাকে। এই চোর চক্রটিকে আটক করতে অভিযানে নামে পুলিশ। পরে ঢাকা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে চুরি করা ৫টি মোটর সাইকেলসহ আন্ত:জেলা চোরচক্রের দুই সদস্য সুমন ও রাজু শেখকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের নামে অস্ত্র সহ ৬টি করে মোটরসাইকেল চুরি মামলা রয়েছে।
প্রেস ব্রিফিংয়ের সময় অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়ের, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/অমি