টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাঞ্চনপুরের এক সৌদি প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে দিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর বাসাইল থানায় ভুক্তভোগী ওই গৃহবধূ (২১) বাদী হয়ে অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বাসাইল থানার এসআই আলতাব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামিরা হলেন বাসাইল উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রামের খলিল মিয়ার ছেলে হাসান মিয়া (২৫) ও একই এলাকার মৃত নাছির খানের ছেলে সম্রাট খান (২৬)।
মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ওই গৃহবধূর মোবাইল নষ্ট হওয়ায় পাশের বাড়ির অভিযুক্ত হাসানকে মোবাইলটি ঠিক করতে দেন। এরপর বাসাইল বাজারে নিয়ে হাসান মোবাইলটি ঠিক করে। এসময় গোপনে গৃহবধূর মোবাইলে থাকা স্বামীর সঙ্গে তার ব্যক্তিগত ছবিগুলো কৌশলে অন্য মোবাইলে নেয় হাসান। কিছুদিন পর হাসান ও সম্রাট মিলে ওই গৃহবধূকে তার আপত্তিকর ছবি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় হাসান ও সম্রাট ওই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
এসআই আলতাব হোসেন বলেন, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’
বার্তাবাজার/কে.কে