ঢাকার কেরানীগঞ্জে নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ৪০টি খাবার হোটেল ও রেস্টুরেন্টকে দুই লক্ষ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা, আটি বাজার ও রোহিতপুর বাজারে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।
এসময় নিবন্ধন ও লাইসেন্স না থাকায় ১৮টি প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করেন তিনি। একই সাথে কয়েকটি হোটেল ও রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে মৌখিক সতর্ক করে নিবন্ধন ও লাইসেন্স বিহীন প্রতিষ্ঠানগুলোর মাঝে ফরম বিতরণ করে তা ১৫ কার্যদিবসের মধ্যে ডিসি অফিস বরাবর আবেদন করার জন্য বলেন।
এছাড়াও একইদিনে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া চৌরাস্তা, কালীগঞ্জ জোড়া ব্রীজ ও হাসনাবাদ এলাকায় নিবন্ধন ও লাইসেন্স না থাকায় আরও ২২টি হোটেলে ও রেস্তোরাঁকে ১,৫২০০০/- (এক লক্ষ বাহান্ন হাজার) টাকা জরিমানা করা হয়। এসময় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আব্দুল্লাহ তিন্নি।
তবে এদিকে ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দের উপস্থিতিতে লাইসেন্স ও নিবন্ধন ছাড়া হোটেল ও রেস্তোরাঁ পরিচালনা করা যাবে না মর্মে সকল ব্যবসায়ীদের সতর্ক করে তারা জানান উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চলমান থাকবে।
কেএস/বার্তাবাজার