র‍্যাবের ভ্রাম্যমান আদালতের অভিযান, সাড়ে ৪ লক্ষ টাকা জরিমানা

সরকারী অনুমোদন না নিয়ে ঔষধ বিক্রি করার অভিযোগে সাভারে চারটি ঔষধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকায় ওইসব ফার্মেসীতে অভিযান পরিচালনা করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান।

চারটি ফার্মেসীতে এসময় কয়েক লক্ষ টাকা জরিমানা করা হয়। র‌্যাব ৪ এর ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান বলেন, সাভারের হেমায়েতপুর এলাকার আল মদিনা ফার্মেসী, স্টার ফার্মেসী, সোহেল মেডিসিন ও আয়শা মেডিসিন এর মালিক দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সরকারী অনুমোদন না নিয়ে ফার্মেসী খুলে ঔষধ বিক্রি করে আসছিলো।

পরে আজ দুপুর থেকে রাত পর্যন্ত গোপন সংবাদের ভিতিত্বে ওই চারটি ঔষধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারী অনুমোদন না নেওয়ায় আল মদিনা ফার্মেসীর মালিক জয়নালকে দেড় লক্ষ,স্টার ফার্মেসীর মালিক মহিউদ্দিন শেখ আসলামকে দুই লক্ষ, সোহেল মেডিসিন এর মালিক এস এম কামরুজ্জামানকে পঞ্চাশ হাজার ও আয়শা মেডিসিন এর মালিক আবুকে পঞ্চাশ হাজার টাকাসহ মোট সাড়ে চার লক্ষ টাকা জরিমানা করা হয় ও সেই সাথে তাদেরকে সরকারী অনুমোদন নিয়ে ফার্মেসী চালানোর নির্দেশ দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসময় আরও বলেন, পর্যায়ক্রমে সকল অনুমোদনবিহীন ঔষধ ফার্মেসীতে অভিযান পরিচালনা করা হবে। অভিযানে এসময় র‌্যাব ৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং সহ র‌্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর