বরিশালের উজিরপুর উপজেলার সহকারী কমিশনারকে (ভুমি) ঘষ নেওয়ার প্রস্তাব দেওয়ায় আবুল কাশেম নামের এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যামাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী নিজেই আজ (বুধবার) আদালত বসিয়ে এই সাজা প্রদান করেন। এরপর তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী জানান, উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের মৃত এছাহাক হাওলাদারের ছেলে মো. আবুল কাসেম হাওলাদার (৬০) গং সরকারি ‘ক’ তফসিলভুক্ত ৩ একর ৪৬ শতাংশ সম্পত্তি দীর্ঘ ৪২ বছর ধরে ডি,সি,আর না কেটে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভোগদখল করে আসছেন। সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে বারবার ডি,সি,আর কাটার তাগাদা দেয়া হলেও তারা তাতে কর্ণপাত করেনি।
আজ (বুধবার) দুপুরে সহকারী কমিশনারের অফিস কক্ষে ঢুকে ওই জমি অন্য কাউকে লিজ না দেয়ার জন্য তাকে (সহকারী কমিশনার) ৫ হাজার টাকা ঘুষ দেয়ার চেষ্টা করে। এ সময় ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয় বলে জানান তিনি।
বার্তাবাজার/এসজে