ছেলের বেদম পিটুনীতে মায়ের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় ছেলের পিটুনীতে এক বৃদ্ধা মায়ের মৃত্যুর অভিযোগ পাওয়া গিয়েছে। আজ (বুধবার) সকালে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ভারুয়াখালী গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় অভিযুক্ত ছেলে নাছির উদ্দিনকে আটক করেছে পুলিশ।

নিহত ওই নারীর নাম শামসুন্নাহার (৮২)। তিনি একই এলাকার মৃত বদিউল আলমের স্ত্রী।

এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মুহাম্মদ ইউনুস জানান, নাছির উদ্দিন ও তার ভাইদের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ রয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নাছির উদ্দিন ধারালো দা নিয়ে ভাইদের দিকে তেড়ে আসে। আমরা গিয়ে তাকে শান্ত করে বাড়িতে ঢুকিয়ে দিই। নাছির উদ্দিন বাড়িতে মাকে নিয়ে থাকত। সকালে ঘরের দরজা বন্ধ করে দিয়ে মাকে মারধর করতে থাকে নাছির উদ্দিন। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় শামসুন্নাহারের মরদেহ মাটিতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মাইন উদ্দিন বলেন, ময়নাতদন্তের জন্য বৃদ্ধার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর