টেকনাফ রোহিঙ্গা শিবিরে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরী রাইফেল ও ৩৬ রাউন্ড তাজা গুলিসহ সন্ত্রাসী মোঃ রবিউল ইসলাম (২৫) কে আটক করেছে কক্সবাজার ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এবিপিএন) সদস্যরা।
আজ দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক- আই এর পশ্চিমে পাহাড় সংলগ্ন এলাকা হতে তাকে আটক করা হয়েছে। সে উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের আবুল কালামের ছেলে।
১৬ এবিপিএন’র পুলিশ পরিদর্শক মুঃ রকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে একটি টিম রাতের প্রথম প্রহরে রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী কাটা রাইফেল ও ৩৬ রাউন্ড গুলিসহ মোঃ রবিউল ইসলাম (২৫) নামক এক অস্ত্রধারীকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চিহ্নিত ডাকাত খালেক বাহিনীর সক্রিয় সদস্য ও দীর্ঘদিন যাবৎ পাহাড়ে অবস্থান করে ডাকাতি অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রসহ সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে নিশিচিত করেছেন এই কর্মকর্তা।
কেএস/বার্তাবাজার