মৌসুমের সর্বোচ্চ ২১৭.৭ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারণে বদলে গেছে অনেক কিছু। সেই সাথে বদলে গেছে ঋতুবৈচিত্রও। প্রায় তিনমাস ধরে কলকারখানা ও যানবাহন বন্ধ থাকার ফলে প্রকৃতি যেন ফিরে পেয়েছে তার সেই চিরচেনা রুপ। আর তাই গত ৫-৬ বছরের থেকে এবারের মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে।

সেই সাথে পুরো বর্ষাকাল জুড়েই ছিল পঞ্চগড়ের আকাশে মেঘের আনাগোনা। এবার ভাদ্র মাসের ভ্যাপসা গরমের পর আশ্বিনের শুরু থেকেই পঞ্চগড়ে দেখা দিয়েছে বৃষ্টি। কখনো গুঁড়ি গুঁড়ি আবার কখনো মুষলধারে। সেই সাথে বজ্রপাতের ঘটনাও ঘটেছে অন্যবারের চেয়ে বেশি।

এদিকে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নিম্নচাপের প্রভাবে সারা দেশের ন্যায় পঞ্চগড়েও বৃষ্টিপাত শুরু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় পঞ্চগড়ে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ২১৭.৭ মিলিমিটার। এদিন সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৬ সেপ্টেম্বর (শনিবার) পর্যন্ত এই বৃষ্টিপাত হতে পারে। তবে এর মধ্যে কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও মুষলধারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য গত বছরের ২২,২৪,২৫ সেপ্টেম্বর যথাক্রমে ২৩.০,১৬.০ ও ২৪.৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়। এছাড়া পুরো সেপ্টেম্বর জুড়ে তেমন কোন বৃষ্টিপাতের দেখা মেলেনি।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর