মেঘনা নদী গ্রাস করছে ৩ কোটি টাকার সরকারি ভবন

ভোলার তজুমদ্দিনে মেঘনা নদীর কড়াল গ্রাসে প্রায় বিলীন হয়ে গেছে প্রত্যন্ত চরাঞ্চলের একটি স্কুল ভবন কাম সাইক্লোন শেল্টার। উপজেলা থেকে বিছিন্ন চর জহিরুদ্দিনের নিশ্চিন্তপুর শিকদার বাজারে অবস্থিত এই চারতলা বিশিষ্ট ভবনটি তিন কোটি টাকা ব্যয়ে নির্মাণ করেছিল এসএসডিপি।

তবে বিভিন্ন প্রশাসনিক জটিলতায় টেন্ডারের মাধ্যমে পরিত্যাক্ত ঘোষিত ভবনটি এখনও অপসারণ না করায় এলাকাবাসীর মাঝে দেখা গিয়েছে চরম অসন্তোষ।

জানা যায়, ২০১০/২০১১ অর্থবছরে দুই কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে চরাঞ্চলের মানুষের আশ্রয় ও শিক্ষাব্যবস্থা প্রসারের লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ডেভেলপমেন্ট প্রজেক্ট (এসএসডিপি) চারতলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করেন। এই ভবনে শিক্ষা কার্যক্রম শুরু হয় নিশ্চিন্তপুর শিকদার বাজার মডেল উচ্চ বিদ্যালয়ের।

বর্তমানে মেঘনা নদীর দুরন্ত ভাঙনের ফলে এই ভবনটি প্রায় বিলিন হয়ে যেতে শুরু করেছে নদীগর্ভে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ না করায় নদীগর্ভে বিলীন হতে চলেছে কোটি টাকার এই ভবনটি।

এ বিষয়ে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন বলেন, বই-আসবাবপত্র-সোলারসহ প্রায় কোটি টাকার মালামাল নিয়ে আমরা আশ্রয়হীন হয়ে পড়েছি।

তবে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান জানিয়েছেন, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাউবি কর্মকর্তাসহ পরিদর্শন শেষে নিলামের মাধ্যমে অপসারণের জন্য নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কিন্তু নদীভাঙনের তীব্রতা বেশি হওয়ায় ভবনের একাংশ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর