গাইবান্ধায় ভবন ধসে শ্রমিকসহ নিহত ২

গাইবান্ধায় ভবন ধসে শ্রমিকসহ ২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের ডিবি রোডে এ ভবন ধসের ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার খামার বোয়ালি গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে শ্রমিক আজাদ মিয়া (৩৭) ও গাইবান্ধা বিসিকের অফিস সহায়ক আব্দুল ওয়াহেদ (৫০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সদর উপজেলার ডিবি রোডে সরকারি চারলেন প্রকল্পের রাস্তার পাশের স্থাপনা সরানোর কাজ করছিলেন কিছু শ্রমিক। এ সময় হঠাৎ করে ভবন ধসে পিলারের নিচে চাপা পড়ে শ্রমিক আজাদ। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া ভবনের পিলারের চাপায় পথচারী আব্দুল ওয়াহেদসহ ৩ জন গুরুতর আহত হন। পরে আহত ৩ জনকে উদ্ধার পরে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আব্দুল ওয়াহেদ নামে এক পথচারীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর