শনিবার থেকে আইপিএল শুরু হলেও পঞ্চম দিনে এসে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে কেকেআর। এবারের কেকেআর ওপেনিংয়ে আরেক চমক নিয়ে হাজির হচ্ছে আইপিএলে। ভারতের উদীয়মান ব্যাটসম্যান শুভমান গিলকে ইনিংস ওপেনে দেখা যাবে নারিনের সঙ্গে।
সবার শেষে টুর্নামেন্ট শুরু করা কেকেআরের প্রতিপক্ষ আজ (বুধবার) গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স।
আবুধাবিতে এই ম্যাচে রোহিত শর্মার মুম্বাইকেই ফেবারিট বলা যায়। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে। মুম্বাই জিতেছে ১৯ টি আর কেকেআরের জয় ৬টি।
পাওয়ার প্লে-তে সুনিল নারিন বেশ সফল। এবার তার সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন শুভমান গিল। এর আগে বরবারই তিনি খেলেছেন নিচের দিকে। কিন্তু গেম প্ল্যান এবার বদলে ফেলছে কেকেআর।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কেকেআর অধিনায়ক দিনেশ কার্তিক বলেই দিলেন, ‘নারিন-শুভমানের ওপেনিং জুটি সত্যি অভিনব হতে যাচ্ছে। ওরাই এবার আমাদের ওপেনার। আমি নিজে ওদের ওপেনিং জুটি নিয়ে বেশ রোমাঞ্চিত।’
বার্তাবাজার/কে.কে