বীরাঙ্গনা হতে গিয়ে আ.লীগ থেকে বহিষ্কার হলেন আছমা বিবি

জয়পুরহাট সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা বিবিকে দলের সকল পদ থেকে বহিষ্কার করেছে জেলা মহিলা আওয়ামী লীগ। ভুয়া কাগজপত্র তৈরীর মাধ্যমে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার আবেদন করার অভিযোগে তাকে বহিষ্কার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানা ও সাধারণ সম্পাদক মাহফুজা মণ্ডল রীনা জানান, আওয়ামী লীগের পদে থেকে আছমা বিবি জন্ম সনদ, মুক্তিযোদ্ধা কমান্ডার ও ইউপি চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে বিভিন্ন সনদ তৈরিসহ অন্যান্য কাগজপত্র জালিয়াতি করে বীরাঙ্গনা হওয়ার জন্য সরকারের কাছে আবেদন করেন।

মুক্তিযুদ্ধের সময় আছমা বিবি ছিলেন পাঁচ বছরের শিশু থাকলেও স্বাধীনতার প্রায় ৫০ বছর পর তিনি ওই সময় ২১ বছর বয়সী তরুণী ছিলেন বলে দাবি করেন এবং এ ব্যাপারে একাধিক সনদ ও প্রত্যয়ন পত্র জাল করে বয়স বাড়িয়ে তিনি বীরাঙ্গনার জন্য আবেদনও করেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে। এনিয়ে গেজেটভুক্তির সুপারিশও করেন উপজেলার সরকারি ৫ সদস্যের তদন্ত কমিটি।

কিন্তু এ বিষয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রতিবেদন প্রচার হলে ভেস্তে হয়ে যায় আছমার বীরাঙ্গনা খেতাবসহ অঢেল অর্থ প্রাপ্তির সম্ভাবনা। আছমার প্রতারণার বিষয়ে সত্যতা পাওয়ায় তাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রেবেকা সুলতানা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম সোলায়মান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর