মোবাইল ফোনের দোকান থেকে মোবাইল চুরি করার দায়ে টিকটক সেলিব্রেটি রাসেলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ তাকে নিয়ে যায় কুমিল্লার চান্দিনা থানায়।
এ বিষয়ে চান্দিনা থানার উপপরিদর্শক নোমান জানান, রাসেল শেখ ওরফে টিকটকার রাসেল গত ১৫ জুলাই রাত ৩টার দিকে চান্দিনা বাজারের স্টেশন রোডে গোলাম রাব্বানী মার্কেটের এক মোবাইল দোকানের লোহার রডের সিলিং কেটে ভেতরে ঢোকেন। ওই দোকান থেকে নগদ টাকা, মোবাইল ফোনসহ প্রায় ১১ লাখ ৬১ হাজার টাকার মালামাল চুরি করে ঢাকায় চলে যান।
আসামি রাসেল চুরির কথা স্বীকার করে মঙ্গলবার কুমিল্লার আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন
উল্লেখ্য, টিকটকার রাসেলের পুরো নাম মো. রাসেল শেখ (২৩), তিনি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মধ্যবনগ্রাম গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে। রাসেল ঢাকায় টিকটক ভিডিও তৈরি করতেন।
বার্তাবাজার/এসজে