স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আগামীকাল (বুধবার) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে আসবেন। তাই তার আগমণ উপলক্ষে হাসপাতালের জরুরি বিভাগের সামনের আঙিনায় চলছে ঘষামাজা ও রং দিয়ে সজ্জিত করার কাজ। আশেপাশের সবকিছু পরিস্কার পরিছন্ন করতে নিয়োগ দেয়া হয়েছে ১০-১২ জন শ্রমিক।
জানা যায়, আগামীকাল ঢাকা মেডিকেল কলেজে আগত রোগীদের উন্নত চিকিৎসাসেবা দেওয়ার জন্য ও চিকিৎসা শিক্ষার প্রসারের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন তিনি।
আজ (মঙ্গলবার) ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায়, দুপুর থেকেই রাত পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগের সামনে ভেঙে যাওয়া রাস্তা মেরামতসহ বাউন্ডারি গ্রিলে রং করা হচ্ছে। ময়লা আবর্জনা পরিস্কার করা হচ্ছে আশেপাশের বিভিন্ন স্থানের।
এ ব্যাপারে হাসপাতাল জরুরি বিভাগে ওয়াপমাস্টার জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বুধবার মন্ত্রী আসছেন, তাই পরিস্কার-পরিচ্ছন্নতাসহ বেশ কিছু কাজ করা হচ্ছে। বৃষ্টির কারণে ভেঙে যাওয়া রাস্তা মেরামত করা হচ্ছে। করোনার আগে একবার বাউন্ডারি গ্রিল রং করা হয়েছিল, মন্ত্রীর আগমণ উপলক্ষে এখন আবার করা হয়েছে।
বার্তাবাজার/এসজে