সিরাজদিখানে রহস্যজনক ডাকাতির অভিযোগ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৯ ঘটিকার সময় বালুচর ডিসি প্রজেক্ট সংলগ্ন ধলেশ্বরী নদীতে ইঞ্জিন চালিত বোটে রহস্যজনক ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় ইঞ্জিন চালিত বোটের মাঝি মৃত দুলাল মিয়ার ছেলে মোঃ শাহজান (৫৫) কে ডাকাত দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতে আহত করে এবং বোটে থাকা অন্যান্যদের কাছ থেকে নগদ টাকা ও হাতে থাকা মোবাইল ফোন নিয়ে যায় ডাকাত দল। তবে বোটের অন্যান্য যাত্রীদেরকে কোন প্রকার আঘাত করা হয়নি।

আহত মাঝি মোঃ শাহজান আব্দুল্লাহ পুর থেকে প্রারথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছে বলে জানান বোটে থাকা বালুচর ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী সূত্রে জানাযায়, মাঝি সহ ইঞ্জিন চালিত বোটে থাকা সবকজন মানুষই ছিলো এক বংশ বা পরিবারের। তারা বালুচরে গোপন মিটিং করে রাতে বাড়ি ফেরার পথে ধলেশ্বরী নদীতে রহস্যজনক এই ডাকাতির ঘটনা ঘটে। মাঝির অভিযোগ তাকে আহত অবস্থায় ইঞ্জিন চালিত বোটেই ফেলে রেখে আসে পরে তার পরিবার খবর পেয়ে উদ্ধার করে আব্দুল্লাহপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

উল্লেখ্য বালুচর ইউনিয়নের পূর্ব চান্দের চর এলাকায় একক আধিপত্য টিকিয়ে রাখতে ঐ এলাকাতে বিগত কয়েকদিন যাবত চলছে একেক সময় একেক নাটকীয় ঘটনা। স্থানীয় এলাকাবাসী এই ডাকাতিকেও তেমন একটি নাটক বলে আখ্যা দিচ্ছেন।

এদিকে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরিদ উদ্দিনের কাছে ডাকাতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, এমন কোন ডাকাতির ঘটনা ঘটেছে বলে কোন অভিযোগ পাইনি।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর