অনুমতি দেয়নি ভারত, ফিরে গেছে পেঁয়াজবাহী অনেক ট্রাক

ভারতের বিভিন্ন স্থলবন্দরে অপেক্ষমাণ পেঁয়াজবাহী ট্রাককে বাংলাদেশে প্রবেশের জন্য অনুমতি দেয়া হয়নি। ফলে বিপুল পরিমাণ পেঁয়াজ নিয়ে ব্যবসায়ীরা অনিশ্চয়তার মধ্যে দিন পার করছে এক প্রতিবেদনে জানায় বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাত পর্যন্ত কোনো অনুমতি দেওয়া হয়নি।

এই অনিশ্চয়তার মধ্যেই রানাঘাট স্টেশনে আট দিন ধরে ১৬৫ র‌্যাক পেঁয়াজ নিয়ে যে ওয়াগনগুলো অপেক্ষা করেছিল, সোমবারও কোন সুরাহা না হওয়ায় রানাঘাট স্টেশন ছেড়ে গেছে।

পেঁয়াজবাহী এই র‌্যাকগুলো কোথায় যাবে বিষয়টি জানতে চাইলে রানাঘাট রেলওয়ের গুডস বিভাগের এক কর্মকর্তা জানান, “নিয়ম অনুযায়ী এই পেঁয়াজবাহী র‌্যাকগুলো যেখান থেকে বুক হয়েছে সেখানেই পৌঁছে দেওয়া হবে।”

তিনি আরও বলেন, এই র‌্যাকে ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে পাঁচ কোটি রুপির পণ্য রয়েছে।

পেট্রাপোল আমদানি রপ্তানি সমিতির সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, “এই অবস্থায় ঘোজাডাঙ্গা, পেট্রাপোল, হিলিবন্দরসহ ৫টি বন্দর থেকেও বেশির ভাগ ট্রাক ফিরে গেছে। এই ট্রাকের ৩৫ থেকে ৪০ ভাগ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।”

এ বিষয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাই কমিশনার তৌফিক হাসান বলেন, “বিভিন্ন স্থলবন্দর থেকে পেঁয়াজবাহী ট্রাকগুলোর বেশির ভাগ অন্যত্র চলে গেছে। দুই দেশের ব্যবসায়ীদের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হলো।”

তিনি আরও বলেন, “বিভিন্ন বন্দরে আটকে থাকা প্রায় ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজবাহী ট্রাক ছেড়ে দেওয়ার জন্য আমরা কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেছি। কিন্তু এগুলোর ব্যাপারে আজও কোন সিদ্ধান্ত হয়নি। ইতিমধ্যে প্রচুর পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়ে গেছে।”

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর