বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক কর্মকাণ্ড ও অভিযানের নামে রোহিঙ্গাদের নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্রুত পদক্ষেপ চেয়েছে বাংলাদেশ। গত ১৫ সেপ্টেম্বর নিরাপত্তা পরিষদে এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে নিউয়র্কস্থ বাংলাদেশ স্থায়ী মিশন। খবর বেসরকারি বার্তা সংস্থা ইউএনবির।
এর আগে, গত শুক্রবার থেকে আন্তর্জাতিক সমুদ্র সীমান্তের নিকটবর্তী এলাকায় মাছ ধরার ট্রলারে করে মিয়ানমারের সামরিক বাহিনীর সদস্যদের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করছে বাংলাদেশ। পরে দেশটির রাষ্ট্রদূতকে তলব করে এ জাতীয় সন্দেহজনক গতিবিধি বন্ধ করতে বলা হয়েছিল।
সূত্র জানায়, সীমান্ত এলকায় সেনা মোতায়েন করতে হলে প্রতিবেশী দেশসমূহকে তা জানাতে হয়। তবে তা না জানিয়েই বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করে মিয়ানমার।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগস্ট থেকে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। মিয়ানমারের সেনবাহিনীর সহিংসতার শিকার হয়ে তারা বাংলাদেশে আশ্রয় নেয়। বাংলাদেশ উদারতা দেখিয়ে তাদের আশ্রয় দিলেও প্রায় তিন বছর পরেও নিজেদের নাগিরকদের ফিরিয়ে নিতে টালবাহানা করছে মিয়ানমার।
বার্তা বাজার / ডি.এস