টেকনাফে প্রতিপক্ষের গুলিতে সন্ত্রাসী নিহত

কক্সবাজারের টেকনাফে স্বশস্ত্র দুই গ্রুপের গোলাগুলির ঘটনায় তৈয়ুব (৩০) নামের চিহ্নিত এক সন্ত্রাসী নিহত হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের এক ব্যক্তিকে অপহরণ এবং বসতবাড়ি ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে।

সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী স্কুল পাড়াস্থ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার দুদু মিয়ার পুত্র এবং ভোলাইয়া বৈদ্য গ্রুপের সক্রিয় সদস্য।

স্থানীয় সুত্র জানায়, আজ বিকাল ৩টার দিকে তৈয়ুব হ্নীলা রঙ্গিখালী স্কুল পাড়াস্থ মুদির দোকানে অবস্থানকালীন সময়ে বিরোধীপক্ষ শফিক মেম্বার গ্রুপের কয়েকজন সদস্য রিক্সাযোগে যেতে দেখে নিজ গ্রুপের লোকজনকে খবর দেয়। খবর পেয়ে তার গ্রুপের লোকজন স্বশস্ত্র অবস্থায় এসে প্রতিপক্ষ গ্রুপের লোকজনকে খুঁজতে থাকে। একপর্যায়ে শফিক মেম্বার গ্রুপের ১০/১২ জনের একটি স্বশস্ত্র গ্রুপ মুখোমুখী অবস্থান নেয়। এরপর দুপক্ষের মধ্যে প্রবল গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে তৈয়ুব সামনের দিকে অগ্রসর হলে প্রতিপক্ষের গুলিতে তৈয়ুব ঘটনাস্থলে মারা যায়। পরে তৈয়ুব নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে তৈয়ুবের লোকজন রঙ্গিখালী ষ্টেশনে এসে ফাঁকা গুলিবর্ষণের পর আতঙ্ক সৃষ্টি করে।

এদিকে লুৎফর রহমানের দাবি, নিহত তৈয়ুবের লোকজন মাদ্রাসা পাড়ার নুরুল ইসলাম প্রকাশ মজুনার পুত্র মোহাম্মদ হোছন উরফে বদাইয়াকে (২৬) অপহরণ করে নিয়ে যায় এবং কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করে। সংবাদ পেয়ে র‌্যাব ও পুলিশের পৃথক দুটি দল ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

টেকনাফ মডেল থানার ওসি এবিএমএস দোহা জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে অপহৃত যুবকের বিষয়ে আইনশৃংখলা বাহিনীর কোন বক্তব্য পাওয়া যায়নি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর