রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

রাজধানীর সায়েদাবাদে নির্মাণাধীন বহুতল ভবন থেকে নিচে পড়ে শফিয়ার (২৭) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের সহকর্মী মো. শাহিন জানান, ‘শফিয়ারের বাড়ি গাইবান্ধায়। বকশিবাজারে থাকতেন তিনি। সায়েদাবাদ ফয়যানে মদিনা জামে মসজিদের ৫ম তলার পাশে মাচান বেঁধে প্লাস্টারের কাজ করছিলেন শফিয়ার। কাজ করার সময় মাচানের রশি ছিঁড়ে গেলে কাত হয়ে যাওয়ায় তিনি ভবনের একেবারে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন’।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর