সিলেট সিভিল সার্জন অফিস মসজিদের মুয়াজ্জিন রাস্তায় পড়ে দীর্ঘক্ষণ ছটফট করে মারা গেলেও করোনাক্রান্ত সন্দেহে কেউ তাকে ধরেনি। রোববার দুপুরে শতশত মানুষের সামনে এভাবেই আর্তনাদ করে মারা গেলেন মাওলানা সুলতান আহমদ (৫০)।
জানা যায়, আজ দুপুরে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিদেশ গমন করতে ইচ্ছুকদের করোনা পরীক্ষার রেজিস্ট্রেশনের লম্বা লাইনের পাশের রাস্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন মাওলানা সুলতান আহমদ। জোহরের আজান দিয়েই তিনি অসুস্থ হয়ে পড়ার পর দুপুর দেরটা পর্যন্ত সেখানেই পড়ে ছিলেন।
মৃত্যু যন্ত্রণাল্য ছটফট করতে করতে আশেপাশের মানুষজনকে বেশ কয়েকবার সাহায্যের জন্য ডেকেছিলেন তিনি। কিন্তু কেউ এগিয়ে আসেনি।
পরে সিভিল সার্জন অফিসের নিরাপত্তাকর্মী সুশীল মোহন্ত কয়েকজনের সহায়তায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওসমানী হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মাওলানা সুলতান আহমদ।
এ বিষয়ে সুশীল মোহন্ত জানান, প্রায় ২০-২২ বছর ধরে মাওলানা সুলতান মসজিদের মুয়াজ্জিন হিসেবে রয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ রোগে ভুগছিলেন। তার বাড়ি নেত্রকোনার কেন্দুয়া উপজেলায়। তিনি সিভিল সার্জন কার্যালয়ের কোয়ার্টারে থাকতেন আর পরিবারের সদস্যরা থাকেন নেত্রকোনায়।
বার্তাবাজার/এসজে