ছাত্রীদের উপবৃত্তির টাকা আত্মসাত করলেন প্রধান শিক্ষক

ঝিনাইদহের শৈলকুপা পাইলট বালিকা বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদায়ের বিরুদ্ধে ১০ ছাত্রীর উপবৃত্তির টাকা আত্মসাত করার অভিযোগ প্রমাণ করেছে যশোর শিক্ষা বোর্ড।

গত ২৯ জুন পাওয়া অভিযোগের তদন্তের পর এই সত্যতা প্রমাণিত হয়েছে। তদন্ত কমিটিতে ছিলেন যশোর শিক্ষা বোর্ডের উপ-পরিচালক মো. এমদাদুল হক ও সহকারী বিদ্যালয় পরিদর্শক এম, এম আনিছুর রহমান।

যশোর বোর্ড থেকে বলা হয়, প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদার ২০১৭/১৮ অর্থ বছরে অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার, শিমু সুলতানা, তানজিনা রাসেল, ১০ম শ্রেণির ছাত্রী আখি ইসলাম, ২০১৮/১৯ অর্থ বছরে অষ্টম শ্রেণির ছাত্রী তানজিনা রাসেল, সুরাইয়া শারমিন ঐশি, ৭ম শ্রেণির ছাত্রী ফারজানা ইয়াসমিন, সামিরা আক্তার নুপুর, ১০ম শ্রেণির ছাত্রী সামিয়া খাতুন ও সাদিয়া ইসলামের উপবৃত্তির ১৯ হাজার ২৫ টাকা আত্মসাৎ করেন। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর যশোর শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিশ্বাস শাহিন আহম্মদ স্কুল পরিচালনা কমিটি বরাবর গত ১৪ সেপ্টেম্বর বিঅ ৬/৬৮৪৩/৭৬৭ নং স্মারকে প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদারকে শাস্তি দিতে চিঠি দেন।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রধান শিক্ষক দিলারা ইয়াসমিন জোয়ারদার ১০ জন শিক্ষার্থীর টাকা উত্তোলন করে নিজের কাছে রেখেছেন, যা আত্মসাতের সামিল। প্রধান শিক্ষকের এই শাস্তিযোগ্য অপরাধে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে যশোর শিক্ষাবোর্ডকে অবহিত করতে বলা হয়েছে চিঠিতে।

এর আগেও বিভিন্ন সময় তার নামে বিদ্যালয়ের বিভিন্ন ফান্ডের টাকা নড়াছড়ার অভিযোগ পাওয়া যায়। যার প্রতিবাদ করে কয়েকজন শিক্ষক দুর্ব্যবহারের শিকারও হয়েছেন। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেন সংশ্লিষ্টরা।

তাছাড়া প্রতিহিংসা পরায়ণ হয়ে দিলারা ইয়াসমিন জোয়ারদার সাংবাদিক ও স্কুলের দুই শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দিয়ে ডিজিটাল আইনে মামলায় ঝুলে স্কুল থেকে সাময়িক বরখাস্ত হন।

এ বিষয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি তৈয়েবুর রহমান খান জানান, প্রধান শিক্ষক ছাত্রী উপ-বৃত্তির টাকা আত্মসাৎ করেছেন বলে তদন্তে প্রমাণিত হয়েছে। আমরা যশোর শিক্ষা বোর্ডের এই চিঠির জবাব অচিরেই দেব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর