পরিবেশকর্মীদের মতের বিরুদ্ধে গিয়ে ২০১৪ সালে অনেকটা জোর করেই সিলেটের রাতারগুল পর্যটন কেন্দ্রে ওয়াচ টাওয়ার বানিয়েছিলেন বন বিভাগের কর্মকর্তারা। তবে ৯০ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই ওয়াচ টাওয়ার টিকে থাকেনি ৬ বছরও।
আজ (রোববার) পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে টাওয়ারে ওঠার প্রবেশ পথ বন্ধ করে দেয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক গাইড ও নৌকার মাঝিদেরও জানানো হয়েছে বিশেষ হুঁশিয়ারি।
জানা যায়, ৫০ ফুট উঁচু এই টাওয়ারের নির্মাণ কাজ শুরুর পর থেকেই পরিবেশকর্মীরা আপত্তি জানিয়ে আসছিলেন। টাওয়ারের কারণে বনের ভেতরে পর্যটকদের সমাগম বাড়বে এবং এতে বনের পরিবেশ ও জীববৈচিত্র নষ্ট হবে বলে সে সময় জানিয়েছিলেন তারা। পরিবেশকর্মীদের আপত্তির মুখে দুদফা টাওয়ারের নির্মাণ কাজ বন্ধ রাখলেও পরে তা সম্পন্ন করে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর থেকে প্রতিদিন অসংখ্য পর্যটক ওয়াচ টাওয়ারে উঠে রাতারগুণ বন দেখতে জড়ো হন।
এ বিষয়ে বন বিভাগের বিট কর্মকর্তার দায়িত্বে থাকা বন প্রহরী আবদুল ওয়াদুদ বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও দুর্ঘটনা এড়াতে ওয়াচ টাওয়ার বন্ধ করে দেয়া হয়েছে। আপাতত উপরে উঠার পথে বাঁশ দিয়ে রাখা হয়েছে। ইতিমধ্যে স্টীলের গেট তৈরীর প্রক্রিয়া শুরু করা হয়েছে। এটি প্রস্তুত হলে স্থায়ী ভাবে টাওয়ারে উঠার পথ বন্ধ করে দেয়া হবে।
বার্তাবাজার/এসজে