আলফাডাঙ্গায় আ’লীগ নেতাকে হত্যা মামলার আসামী করার প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনকে পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার সোনানগর গ্রামে সংঘর্ষে নিহত হওয়া হায়াত আলী হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে আসামী করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে বোয়ালমারী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বানা ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা।

মানববন্ধনে আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাদী হুমায়ন কবির বাবু, ৩ নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর শেখ, ওয়ার্ড যুবলীগ সভাপতি হেলাল মোল্যা, ইউপি সদস্য আদু মোল্যাসহ এলাকাবাসী অংশ নেয়।

এ সময় বক্তারা জাহাঙ্গীর হোসেনকে রাজনৈতিক প্রতিহিংসাবশত, ষড়যন্ত্রমূলকভাবে দ্বিতীয় দফায় হায়াত আলী হত্যা মামলার আসামি করায় ক্ষোভ প্রকাশ করেন। তারা জাহাঙ্গীর হোসেনকে হত্যা মামলা থেকে অব্যাহতি দেয়ার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবিও জানান।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর জমিজমা বিরোধের জেরে সংঘর্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উথলী গ্রামের বাসিন্দা হায়াত আলী চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। এ ঘটনায় নিহতের চাচা আজিম উদ্দিন শেখ ৯ সেপ্টেম্বর ১১ জনকে আসামি করে বোয়ালমারী থানায় হত্যা মামলা দায়ের করেন। দুই দিন পর বাদি পুনরায় জাহাঙ্গীর হোসেনসহ আরও ৫ জনকে হত্যা মামলার আসামী হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আরেকটি দরখাস্ত দেন।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর