রাজধানীর ডেমরার কোনাপাড়ায় একটি স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে (চুল্লি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে কোনাপাড়া শাহারা স্টিল মিলে এই ঘটনা গটে। দগ্ধদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন।
তারা হলেন- আল আমিন (১৮), জসিম উদ্দিন (৪৫) ও ইমরান হোসেন শান্ত (২৩)। জনু ব্যাপারী (৪০) ও দিদার হোসেন (২৭) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
দগ্ধ আল আমিন জানান, রাতে তারা নয়জন কাজ করছিলেন। হঠাৎ গলিত লোহা ভাট্টির ভেতর থেকে বিস্ফোরিত হয়ে চার দিকে ছিটকে পড়তে শুরু করে। তিনি দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলেও ধাক্কা লেগে পড়ে যান। তখন গলিত লোহা তার ওপর পড়তে থাকে।
তিনি আরও বলেন, ‘আমরা সবসময় যেভাবে কাজ করি, সেভাবে রাতেও কাজ করছিলাম। তবে কেন ভাট্টির ভেতরে বিস্ফোরণ হলো আমি বলতে পারছি না।’
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বলেন, ‘এ ঘটনায় তিনজন ভর্তি রয়েছেন। এদের মধ্যে আলআমিনের শরীরের ২৮ শতাংশ, জসিম উদ্দিনের ২০শতাংশ ও ইমরান হোসেনের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকি দুজন চিকিৎসা নিয়ে চলে গেছেন’।
বার্তাবাজার/অমি