করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন গরীবের ডাক্তার

টাঙ্গাইলের ঘাটাইলে পাকুটিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রের সাবেক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার করোনা আক্রান্ত হয়ে চলে গেলেন না ফেরার দেশে গরীবের ডাক্তার খ্যাত আব্দুল হাকিম।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি।

পারিবার সুত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি করোনার নমুনা দেন এবং ১১ সেপ্টেম্বর তিনি জানতে পারেন করোনা পজিটিভ। পরে ১২ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটে ভর্তি হন। এবং শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গরীবের ডাক্তার আব্দুল হাকিম ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের পাকুটিয়ার বাসিন্দা। তিনি গোপালপুর উপজেলার সাজনপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চাকুরীর সুবাদে তিনি পাকুটিয়া উপ-স্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ প্রায় ৩২ বছর উপ- সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসাবে সেবা প্রদান করেছেন।

স্থানীয়রা জানান, দেউলাবাড়ি ইউনিয়নের মানুষের হৃদয়ে অতি অল্প সময়ের মধ্যে জায়গা দখল নিয়ে গরীবের ডাক্তার হিসাবে খ্যাতি অর্জন করেছেন। তিনি গরীব মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করতেন। মৃত্যু কালে তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। মেয়ে ডাক্তার ও ছেলে ফরহাদ হুসাইন অষ্ট্রেলিয়া প্রবাসী। তার স্ত্রীও করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

গরীবের ডাক্তার খ্যাত আব্দুল হাকিমের মৃত্যুতে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন সকল জেলা শাখা সহ পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকা বাসির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টায় সমাধিস্থ করা হয় তাকে।

বার্তাবাজার/অমি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর