বরিশালের মেহেন্দিগঞ্জে মামুনুর রশিদ নামের এক ছাত্রদল নেতার নামে বিয়ের প্রলোভনে এক কিশরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বাড্ডা থানায় তাঁর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করা হয়েছে। অভিযুক্ত মামুনুর রশিদ চর এককরিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্ববায়ক।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম।
তিনি জানান, ‘মামলার ঘটনাটি সত্য। কিশোরীকে ধর্ষণের অভিযোগে মেহেন্দিগঞ্জের নুরু চৌকিদারের ছেলে একটি মামলা করেছেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। ওই কিশোরী মামলার এজাহারে অভিযোগ করে বলেছে, মামুনুর রশিদ তার এক বন্ধুর বাসায় নিয়ে তাকে ধর্ষণ করেছেন। ওই বন্ধুর সঙ্গে আমরা কথা বলেছি। বন্ধুও বিষয়টি স্বীকার করেছেন। শুধু তাই নয়, এই ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে যখন ঝামেলা হচ্ছিল তখন ওই বন্ধু থানায় এসে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন।’
তিনি আরো বলেন, ‘আমরা মামুনুর রশিদকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালাচ্ছি। কিন্তু এখনো পর্যন্ত তাঁকে কোথাও পাওয়া যায়নি। যে বন্ধুর বাসায় নিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই বন্ধু আমাদের বলেছেন, তিনি পরিবারসহ বাড্ডায় থাকেন। কিন্তু করোনার কারণে এখন তাঁর পরিবার বরিশালে আছে। হঠাৎ একদিন ওই তরুণীকে নিয়ে মামুনুর রশিদ সেই বন্ধুর বাসায় যায়। এরপর আপ্যায়নের জন্য কিছু কিনতে বন্ধু নিচে গেলে ওই সুযোগে কিশোরীকে ধর্ষণ করা হয়।’
পুলিশের এই কর্মকর্তা বলেন ‘মামুনুর রশিদের সঙ্গে ছয় মাস আগে ওই তরুণীর পরিচয় হয়। মামুন তাঁর স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করেন। পরে ওই কিশোরী জানতে পারে মামুনের স্ত্রী ও সন্তান রয়েছে। মামুন তার সঙ্গে প্রতারণা করেছে বলে এজাহারে উল্লেখ করেছে।’
বার্তাবাজার/এসজে