করতোয়ায় গোসল করতে নেমে মাদ্রাসাছাত্র নিখোঁজ

পঞ্চগড়ের করতোয়া নদীতে গোসল করতে নেমে মিজানুর রহমান মিজান (১৪) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ি এলাকায় এঘটনা ঘটে। মিজান ওই এলাকার মিলন ইসলামের ছেলে এবং বগুড়া জেলার সান্তাহার উপজেলার সান্তাহার কাশেমীয়া হাফেজিয়া মাদ্রাসা হতে এবারই হেফজ শেষ করে পাগড়ী পেয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর ২ টার দিকে মিজান বন্ধুদের নিয়ে ডাংগাপাড়া গুচ্ছগ্রাম সংলগ্ন জালাল মিয়ার ফরেস্ট এলাকায় মাছ ধরতে যায়। পরে মাছ মারার এক পর্যায়ে মিজান তার সহপাঠীদের নিয়ে ডাংগাপাড়া গুচ্ছগ্রাম সংলগ্ন জালার মিয়ার ফরেস্ট ঘাট দিয়ে করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে মিজান গভীর পানিতে গেলে পানির ঘূর্ণিপাঁকে পড়লে দ্রুতই ডুবে যায়। সহপাঠীদের চিৎকার শুনে স্থানীয়রা এসে নদীতে খোঁজাখুঁজি করলেও মিজানকে আর পাওয়া যায়নি। বিকেলে রংপুর থেকে ডুবুরিরা এসে উদ্ধার কাজ শুরু করলেও তাকে না পেয়ে রাত ৮ টায় প্রথমদিনের মত উদ্ধার অভিযান সমাপ্ত করে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলটি। আগামীকাল রবিবার আবারো উদ্ধার অভিযান চালানো হবে বলে জানিয়েছে ডোমার ফায়ার সার্ভিস।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল হাসান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুরে খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস কর্মীদের বিষয়টি জানানো হয়েছিল। ফায়ার সার্ভিস কর্মীরা মিজানকে উদ্ধার করতে ব্যর্থ হলে পরে রংপুর থেকে ডুবুরি দল এসে উদ্ধারকাজ শুরু করে। রাত ৮ টা পর্যন্ত প্রথম দিনের উদ্ধার অভিযানে মিজানের কোন খোঁজ পাওয়া যায়নি। আগামীকাল আবারো উদ্ধার অভিযান চালানো হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর