ব্রাহ্মণবাড়িয়ায় দু’দল গ্রামবাসীর মধ্যে টেটাযুদ্ধে কমপক্ষে ১৪ জন আহত হয়েছেন।গুরুতর আহত অবস্থায় দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত বাঞ্ছারামপুর উপজেলার পাহাড়িয়াকান্দি ও জয়কালিপুর দুই গ্রামের মধ্যে এ টেটাযুদ্ধ চলে।
সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শুক্রবার রাতে বাঞ্ছারামপুর উপজেলার জয়কালীপুর গ্রামে আবু কালামের বাড়িতে বিরিয়ানী পার্টিতে মোবাইল চুরির ঘটনা ঘটে। পরে এই অনুষ্ঠানের অতিথি সীমান্তবর্তী নবীনগর উপজেলার সলিমগঞ্জ বাজারের খানকা পাড়ার টাইলস মিস্ত্রী সাগর মিয়ার বাসায় গিয়ে জয়কালীপুরের সাদ্দামের নেতৃত্বে কিছু ছেলেরা তাকে ধরে নিয়ে আসতে চায়। এসময় পাহাড়িয়াকান্দির শুক্কুর আলী বাঁধা দেয়। তখন সাদ্দাম গ্রুপের লোকজন শুক্কুর আলীর সলিমগঞ্জের বসত বাড়িতে ব্যাপক ভাংচুর করে। পরে এই ঘটনার জেরধরে শনিবার সকালে দুইঘন্টা ব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, জয়কালিপুরে দুজন গুরুতর আহত হয়েছে। তাদের সলিমগঞ্জে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। সবাই দু’পক্ষের ইটপাটকেল ও তীরের আঘাতে আহত হন।
বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। পুলিশ ফোর্স যথাসময়ে পৌঁছে ঝগড়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। এছাড়াও নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে যায়।
ঘটনাস্থল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ। অনেকগুলো টেটা ও রাম দাঁ জব্দ করা হয়েছে। পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত পলিশ ফোর্স ঘটনাস্থলে অবস্থান করবে বলে জানান ওসি।
বার্তা বাজার / ডি.এস