গাজীপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশ কনস্টেবল আটক

গাজীপুরে ছিনতাইয়ের অভিযোগে পুলিশের এক কনস্টেবলসহ আজ (শনিবার) দুজনকে আটক করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় তাদের নামে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।

আটক দুই পুলিশ সদস্য হলেন- জামালপুর সদরের ভাটিগজারিয়া আকন্দবাড়ি এলাকার ইমরুল হাসান (২৬) ও টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ি এলাকার আমিনুল ইসলাম (২৫)।

এদের মধ্যে ইমরুল হাসান গাজীপুর মহানগর পুলিশের অধীন কাশিমপুর কারা কমপ্লেক্স পুলিশ ক্যাম্পের কনস্টেবল বলে নিশ্চিত করেছেন ওই ক্যাম্পের দায়িত্ব ইনচার্জ উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম।

এ বিষয়ে বাসন থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে দুই বন্ধুসহ রাজমিস্ত্রির শ্রমিক রেজাউল ইসলাম চান্দনা চৌরাস্তা থেকে হেঁটে কোনাবাড়ীর পল্লীবিদ্যুৎ এলাকায় যাচ্ছিলেন। পথে রাত ৩টার দিকে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় পৌঁছালে আমিনুল ও ইমরুল ওই তিনজনের পথরোধ করেন। আমিনুল নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তাঁদের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন কেড়ে নিতে চান। রেজাউল দিতে অস্বীকার করলে তাদের একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে রাত সাড়ে ৩টার দিকে বাসন থানাধীন আউটপাড়া এলাকায় নিয়ে আসে। সেখানে রেজাউলের কাছ থেকে মোবাইল ও দুই হাজার টাকা ছিনিয়ে নেন ওই দুইজন।

এ সময় রেজাউল ও তাঁর সঙ্গীরা তাদের থানায় নিয়ে যেতে বললে আমিনুল থানায় নিয়ে যেতে অস্বীকৃতি জানান। এতে তাঁরা ছিনতাকারী বুঝতে পেরে রেজাউল ও তাঁর সঙ্গীরা চিৎকার শুরু করলে আমিনুল ও ইমরুল পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় এলাকাবাসীর সহায়তায় তাদের আটক করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় পুলিশ আমিনুলের কাছ থেকে ছিনতাই হওয়া টাকা ও মোবাইল উদ্ধার করে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ত্রাস সৃষ্টি করে ছিনতাইয়ের অভিযোগে রেজাউল ইসলাম বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে থানায় মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর